৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯
জাতীয় মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তের বিষয়ে সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জনগণের টাকায় নির্মিত সড়কে জনগণ চলাচল করবে। সেখানে কেন তারা (সরকার) টোল আদায় করবে? আর সড়কে যেসব গাড়ি চলে সব গাড়িই সরকারকে ট্যাক্স দেয়।
তিনি বলেন, বিদেশে বিভিন্ন সংস্থা রাস্তা নির্মাণ করে, তারা টোল আদায় করে সেই টাকা তুলে নেয়। কিন্তু আমাদের দেশের মহাসড়কগুলো জনগণের টাকায় বানানো হয়। তাহলে টোল আদায় করবে কেন?
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরামের প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এ প্রশ্ন করেন।
এ সময় আমরা আমাদের দল পুনর্গঠনের জন্য জেলা-উপজেলায় কাউন্সিল করতে চাচ্ছি উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘কিন্তু আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের কাউন্সিল আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। এতে বোঝা যায় যে, এদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। আমরা আমাদের দল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে চেষ্টা করছি। সেই চেষ্টাকেও আজকে সরকার নানাভাবে বাধাগ্রস্ত করছে।’
শুনতে পাচ্ছি, কোনো ক্ষেত্রেই এই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘অর্থনৈতিক, আইনের শাসন, বিভিন্ন প্রজেক্টসহ কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো তাহলে বালিশ ও পর্দার মতো দুর্নীতি হতে পারে না। আর এই দুর্নীতির পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজে বলেছেন, বালিশ ও পর্দা এগুলোতে ছিঁচকে। এ কথার মাধ্যমে তিনি স্বীকার করেছেন এর থেকে বড় বড় দুর্নীতি সরকার করছে।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আইনিভাবে লড়াই করছি। আর স্বাভাবিকভাবে এসব মামলায় ৭ দিনের মধ্যে জামিন হওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। তাই তার মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।’
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D