৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আমরা দেশনেত্রীর স্বাস্থ্য ও তাঁর মুক্তির বিষয়ে আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেসব গণতান্ত্রিক দেশ আছে তাদেরকে অবহিত করব এবং যে অন্যায়ভাবে দেশনেত্রীকে আটক করে রাখা হয়েছে সে বিষয়টা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।
বিএনপি মহাসচিব বলেন, আপনারা জানেন, ঈদের আগে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের যে বিষয়টা এসেছিল হাইকোর্টে সেখানে একটা নেতিবাচক আদেশ হওয়ার পর থেকে আমাদের যে ধারণাটা আরো দৃঢ় হয়েছে যে, এখন বিচারব্যবস্থা এটা আর স্বাধীনভাবে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। সরকার বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। সে ক্ষেত্রে আইনিভাবে এটা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ছে যে, এখানে আমরা ন্যায়বিচার এখানে পাবো কি না। সে কারণে আমরা দেশনেত্রীর মুক্তির আন্দোলন সেই আন্দোলনকে বেগবান করার জন্য আমাদের বিভাগীয় পর্যায়ের সমাবেশের কর্মসূচি অব্যাহত রাখব। যেহেতু আগস্ট মাসে সরকার কোনো কর্মসূচি নিতে দেয় না, সে কারণে আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি আবার শুরু করব। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঈদের আগে বরিশাল, চট্টগ্রাম ও খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি।
ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসার দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে আরো ভয়াবহ। সবাই বলছেন যে, আগামী মাসটা নাকি আরো খারাপ যাবে, অবস্থা আরো বাড়বে। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত ডেঙ্গু ওষুধ এসে পৌঁছেনি। আমরা গত সভা থেকে সিদ্ধান্ত নিয়ে সরকারকে অনুরোধ করেছিলাম যে, এটার প্রতিরোধে জরুার ভিত্তিতে ব্যবস্থা নিতে বলেছিলাম, সেটা সরকার করেনি, আপদকালীন একটা ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম সেটা নেয়া হয়নি। তার ফলে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আমরা সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেয়ার জন্য সব রকমের ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।
কোরবানির চামড়া নিয়ে ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের তৎপরতা এবং সরকারে ব্যর্থতার কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, চামড়া শিল্প ধ্বংসের করে দেয়ার জন্য এসব কাজ করেছে। স্থায়ী কমিটির বৈঠকের সরকারের ব্যর্থতা ও উদাসীনতার জন্যে তীব্র নিন্দা জানিয়েছে। অবিলম্বে এই শিল্পকে রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিতে আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জেলা-মহানগর-উপজেলা পর্যায়ে র্যালি, সভা-সমাবেশ-আলোচনা সভা অনুষ্ঠানে সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমরা র্যালি ও পর দিন আলোচনা সভা করব। এরপরেই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশগুলো সমাপ্ত করব।
দুই ঘন্টার এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D