১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৯
নিজাম ইউ জায়গীরদার : হযরত শাহজালাল(র.)এর ওফাত দিবস থেকে ওরস মোবারকের যাত্রা। সেই থেকে আজো ওরস মোবারকের মাধ্যমে দিবসটি পালন করে আসছেন ভক্ত আশেকানরা। ৭০০ তম ওফাত দিবস উপলক্ষে ওরস মোবারক শুরু হচ্ছে মঙ্গলবার (২৩ জুলাই)।
এদিন সকাল সাড়ে ৯টার মধ্যে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হবে ওরস মোবারকের মূল কার্যক্রম। নির্বিঘ্নে ওরস উদযাপনে প্রশাসনের তরফ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাজারকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মোতায়েন রাখা হবে সহস্রাধিক ফোর্স। পর্যবেক্ষণে অর্ধশতাধিক সিসি ক্যামেরা ছাড়াও সব ক’টি গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠ চষে বেড়াবেন।
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গিলাফ চড়ানো হবে। এরপর সারারাত জিকির আজকার, দোয়া ও মিলাদ মাহফিল হবে। রাত ৩টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার ভোরে শিরনি বিতরণের মাধ্যমে শেষ হবে ওরস।
ওরস মোবারক উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে’ জানিয়ে দরগার সরেকওম (মোতাওয়াল্লী) ফতেহ উল্লাহ আল আমান সিলেট সংবাদ‘কে বলেন, ইতোমধ্যে ভক্ত আশেকানরা দলে দলে আসতে শুরু করেছেন। অনেকে অবস্থান নিয়েছেন মাজার আঙ্গিনায়। তাদের থাকার জন্য ডেরা টানিয়ে দেওয়া হয়েছে। তবে বন্যার কারণে এবার ভক্ত আশেকানদের উপস্থিতি গত বছরের তুলনায় কম। প্রতি বছর ওরস মোবারকে এমন সময় ভক্ত আশেকানে মুখর থাকে মাজার অঙ্গন। এবার তেমন উপস্থিতি নেই। মঙ্গলবার (২৩ জুলাই) উপস্থিতির হার বাড়তে পারে।
শাহজালাল(র.) মাজারে ওরস মোবারক উপলক্ষে সোমবার (২২ জুলাই) থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে জানিয়েছে মহানগর পুলিশ। সোমবার থেকে মাজারকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হবে। এজন্য আরআরএফ ও এপিবিএনের কয়েকশ সদস্যও নিয়োজিত থাকবেন। যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। ওরস চলাকালীন দুই শত নারী পুলিশ’সহ সহস্রাধিক পুলিশ ও র্যাব সদস্যরা সাদা পোশাকে মোতায়েন থাকবেন জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার(মিডিয়া)জেদান আল মুছা সিলেট সংবাদ’কে এমন তথ্য নিশ্চিত করে বলেন, ওরস উপলক্ষে মাজার ঘিরে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা। এর মধ্যে মাজার অভ্যন্তর, ভেতরের ফটক, বাইরের ফটক ও চতুর্সীমার সড়কে থাকবে পুলিশের বেষ্টনী। মাজার এলাকার চারপাশে ১০টি চেকপোস্ট স্থাপন করা হবে। স্থাপন করা হবে আরো অন্তত অর্ধশতাধিক সিসি ক্যামেরা। মাঠ পর্যায়ের পুলিশের তদারিকতে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তৎপর থাকবেন।
উল্লেখ্য, হযরত শাহজালাল(রহ.)১৩০৩ খ্রিস্টাব্দে ৩৬০ সফরসঙ্গী নিয়ে ইসলাম প্রচারের জন্য সিলেট আসেন। ১৩৪৬ খ্রিস্টাব্দের ১৯ জিলকদ তিনি ইন্তেকাল করেন। রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করার পর সিলেটে যে টিলায় তিনি বসবাস করতেন, ওফাতের পর সেখানেই তাঁকে দাফন করা হয়। তাঁর কবরকে ঘিরেই পরে গড়ে ওঠে মাজার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D