৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯
জাতীয় সংসদ অধিবেশনের বিএনপির দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের বক্তব্য নিয়ে হট্টগোল শুরু হয়। বগুড়া-৪ আসনের এই সাংসদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও মুক্তিযোদ্ধা বলায় সরকার দলীয় সংসদ সদস্যরা হট্টগোল শুরু করে দেন।
মঙ্গলবার (১৮ জুন) সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন।
নির্ধারিত ১০ মিনিট ছাড়া অতিরিক্ত ৪ মিনিট সময় নিয়ে ১৪ মিনিট কথা বলেন এই সংসদ সদস্য। শুরু থেকে সরকরের বিভিন্ন উন্নয়ন ও বরাদ্দ নিয়ে কথা বলেন তিনি। শেষ দিকে জিয়া ও তারেক রহমান নিয়ে কথা বলা শুরু করলেই শুরু হয় হৈ-চৈ।
মোশাররফ হোসেন বলেন, ‘আমরা তো ৫ শতাংশ, আপনারা (সরকারি দল) শতভাগ। আমাদের কথা শুনতে সমস্যা কোথায়? উনারা (সরকার দলীয় এমপিরা) ইট মারলে পাটকেল তো খেতেই হয়। আমাদের দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুনি বলা হয়। আমরা জবাব দিতে গেলেই, কথা বললেই হাউ-কাউ করা হয়।’
তিনি বলেন, ‘সংসদে আসার আগে বলা হয়েছিল, সংসদে এসে অভিপ্রায় ব্যক্ত করতে। কিন্তু কোনো কথা বলতে গেলেই হাউ-কাউ করা হয়। আমরা তো ৫-৬ জন, পুরো সংসদ তো আপনারাই। আমাদের পাঁচজনের কথা শুনতে এত অসুবিধা কী? যেখানে বিরোধীতা নেই, সেখানেই স্বেচ্ছাচারিতার জন্ম হয়। সেখানে এক নায়কতন্ত্রের জন্ম হয়।’
এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের কথা বলার সমান সুযোগ দেওয়া হোক। আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হচ্ছে খুনি। আর তারেক রহমানকে বলা হচ্ছে লুটেরা। উনারা ইট মারলে… টিট ফর ট্যাট অবশ্যই সংসদে বলতে পারি। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলেছিলাম। কেন বলেছিলাম? যখন একটা দেশ স্বাধীন হয়, তখন যে মা ভাত রান্না করে যোগান দেয়, তারও অবদান ছিল। সেও কিন্তু মুক্তিযোদ্ধা। যে মা অস্ত্র এগিয়ে দিয়েছিল, সেও কিন্তু মুক্তিযোদ্ধ। যে ঘোষণা দিয়েছিল সেও মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিল, সারা দেশে এখনো বাজে তাহলে এই কণ্ঠ শুনতে এত অসুবিধা কেন।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে সরকারদলীয় সংসদ সদস্যরা প্রতিবাদ করতে থাকেন।
পরে মোশাররফ হোসেন বলেন, ‘আমরা কথা বললেই উনারা বিরোধীতার চেষ্টা করে। এই দেশে জিয়া ও তারেক রহমান অনেক কিছু করেছেন। আপনার শতভাগ আছেন, আমরা না হয় ৫ শতাংশ আছি। আপনারা কথার অবমূল্যায়ন করেন। আপনারা শুধু বলবেন, আমরা বলতে পারব না? আপনারা গলাবাজি করবেন, আমাদের বলার সুযোগ দেবেন না, তা তো হয় না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D