২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৯
ঈদুল ফিতরের চাঁদ দেখা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কড়া সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, সুশাসন না থাকলে যা হয়, তাই হয়েছে। উনারা (ধর্ম মন্ত্রণালয়) রাত ৮টা-সাড়ে ৮টার মধ্যে বললেন, চাঁদ দেখা যায়নি। ঈদের তারিখও বলে দিয়েছেন, বৃহস্পতিবার ঈদ হবে। বলা হলো, কোথাও চাঁদ দেখা যায়নি। এগারোটার দিকে তারা সিদ্ধান্ত বদলালেন। ধর্ম প্রতিমন্ত্রী নিজেই বললেন, কোথাও থেকে তারা খবর পেয়েছেন, ঈদ হবে। এতে করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, তারা ভোগান্তিতে পড়েন।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
ধর্ম মন্ত্রণালয়ের অবস্থান পরিবর্তনের বিষয়ে কঠোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। চাঁদ দেখা নিয়ে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টিতে কী প্রকাশ পেয়েছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো বললামই যে, সুশাসনের অভাবের কারণে এমনটি ঘটেছে। আমার কাছে এখনও মনে হয় সুশাসন নেই বলেই এমন ঘটনা ঘটেছে।’
এসময় মির্জা ফখরুল অভিযোগ করে আরো বলেন, ‘এই সরকার, জনগণের কষ্টের ব্যাপারগুলো কোনো দিন সঠিকভাবে উপলব্ধি করেনি, করার প্রয়োজনও মনে করে না। সে কারণেই জনগণের ভোগান্তি হয়, কষ্ট পায়।’
অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এ সরকারের সবচেয়ে বড় সমস্যা, জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের কোনো জবাবদিহি নেই। যদি দায়িত্বহীনতা থাকে, দায়িত্বশীলতা না থাকে, তাহলে এ ধরনের ঘটনা ঘটবেই। তাদেরকে তো জনগণের কাছে জবাব দিতে হয় না। তারা একটি নির্বাচন করেছে, যেই নির্বাচনে জনগণের কোনো প্রয়োজন ছিল না। এরপর তারা দেশ চালাচ্ছেন অন্যায় ও বেআইনিভাবে।’
প্রতি বছরের মতো এবারের ঈদেও জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন ও ফাতেহা পাঠ করে দোয়া করেছেন।
এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এ জাহিদ হোসেন, উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদারসহসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D