২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্র ফরিদ হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। সোমবার রাতে হামলা হয় বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
এদিকে এ ঘটনার বিচার চাইতে গিয়ে মঙ্গলবার বিকালে হলটিতে অবরুদ্ধ ও লাঞ্ছিত হন ডাকসু ভিপি নূরুল হক নুর। ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার শিকার হন বিভিন্ন প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও হল সংসদের নির্বাচিত কয়েকজন প্রতিনিধি।
জানা যায়, ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদে বিকালে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে ডাকসু ভিপি নুর তিন দিনের মধ্যে ঘটনায় জড়িতের বহিষ্কারের দাবি জানান।
মানববন্ধন শেষে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নুর এসএম হলে প্রবেশ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় নুরকে গালিগালাজও করা হয়।
এছাড়াও ছাত্রলীগ কর্মীরা নুরের সঙ্গে থাকা একজনকে মারধর করেছে বলেও অভিযোগ তাদের। লাঞ্ছিত করা হয়েছে শামসুন্নাহার হল সংসদের ভিপি তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজনকে।
ভিপি নুরকে হল থেকে বের করতে আসেন এসএম হলের প্রাধ্যক্ষ। ছাত্রলীগের বাধা ঠেলে সন্ধ্যা সাতটার দিকে প্রাধ্যক্ষের উপস্থিতিতে হল থেকে বের হন নুর।
রাতে এ রিপোর্ট লেখার সময় ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল একদল শিক্ষার্থী।
জানতে চাইলে এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব। ফরিদের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে হল প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D