৩০ ডিসেম্বরের নির্বাচনের ক্ষতিটা অপূরণীয়, বললেন কাদের সিদ্দিকী

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

৩০ ডিসেম্বরের নির্বাচনের ক্ষতিটা অপূরণীয়, বললেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরোত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ যদি করেন জননেত্রী শেখ হাসিনা তার কর্মকাণ্ডের মাধ্যমে মর্যাদার দিক দিয়ে সারা বিশ্বের প্রধান হতে পারেন। কিন্তু একজন রাজনৈতিক নেত্রী হিসেবে ৩০ ডিসেম্বর নির্বাচনে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটাকে তিনি জীবনে কোনো দিন পূরণ করতে পারবেন না।

বুধবার নিউজ ২৪ ‘জনতন্ত্র গণতন্ত্র’ অনুষ্ঠানে তিনি বলেন, ৭০-এর নির্বাচনের পরবর্তী সময়ে ৭১-এর মুক্তিযুদ্ধের দ্বারা গণতন্ত্র এবং ভোটাধিকারকে বিশ্বে সবার ওপরে মর্যাদা দিতে পেরেছিলাম। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমরা সেটাকে সবার নিচে নামিয়েছি। এ নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

কাদের সিদ্দিকী বলেন, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কেন্দ্রে ভোটার যাওয়া আসা নিয়ে তার মাথা ব্যথা নেই। আমার বেদনা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে আমাকে বলতে হচ্ছে। কেননা আমার অস্তিত্ব যে বঙ্গবন্ধু, যাকে দেখে, অনুসরণ করে, ভালোবেসে আজও বেঁচে আছি, সেই বঙ্গবন্ধু জড়িয়ে যাচ্ছেন প্রতি পদে পদে তারই সাথে।