১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ৫ মার্চ পর্যন্ত। এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধিনে চার জেলার ৮৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় বসছে। এদের মধ্যে ছেলে ৪৮ হাজার ৯২৮ জন এবং মেয়ে ৬৪ হাজার ৮৭ জন।
ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড। একই সাথে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি ভীতি দূর এবং সৃজনশীল শিক্ষা পদ্ধতি আয়ত্ত করার ওপর জোর দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস জানান, আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষা বোর্ড। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে কাজ করবে ৩১টি ভিজিল্যান্স টিম। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি ভীতি দূর এবং সৃজনশীল শিক্ষা পদ্ধতি আয়ত্ত করার ওপর জোর দেয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিটের নির্দেশনায় খাতা দেখার ফলে সিলেট শিক্ষা বোর্ডে শিক্ষার গুণগত মান বজায় রয়েছে বলেও দাবি করেন আব্দুল কুদ্দুস।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ জানান, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হজার ১৮০ জন পরীক্ষার্থী। এবার পরীক্ষার্থী বেড়েছে ৩ হাজার ৮৩৫ জন। তবে, এ সংখ্যা আরও ৩-৪শ বাড়তে পারে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানান।
এবার বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৫৫৪ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১২৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলা থেকে সবচেয়ে বেশি ৪১ হাজার ৭৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ১৮ হাজার ৩২৫ এবং মেয়ে ২৩ হাজার ৪১৭ জন। হবিগঞ্জ জেলার পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৮২৫ জন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৫৬৯ জন এবং মেয়ে ১২ হাজার ২৫৬ জন।
মৌলভীবাজারের ২৪ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে মধ্যে ছেলে ৯ হাজার ৯৭২ জন এবং মেয়ে ১৪ হাজার ৭১৩ জন এবং সুনামগঞ্জ জেলার ২৪ হাজার ৭৬৩ জনের এর মধ্যে ছাত্র ১১ হাজার ৬২ জন এবং ছাত্রী ১৩ হাজার ৭০১ জন।
অন্যদিকে এবার পরীক্ষার্থীদের পাশাপাশি বেড়েছে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। এ বছর সিলেট অঞ্চলের চার জেলায় ৮৯৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। গত বছর এ সংখ্যা ছিল ৮৯২টি। তবে, কেন্দ্র সংখ্যা বাড়েনি। এবারো ১৩১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ আরও জানান, দু’একটি বিষয়ে পরীক্ষা দেয়ার আবেদন থাকায় বর্তমান পরীক্ষার্থীর সংখ্যা আরও ৩-৪শ বাড়তে পারে। এবারের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ৯৬১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৪ জন। ৫০ জন শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এসএসসিতে প্রথম দিন বাংলা প্রথম পত্র (আবশ্যিক) নেয়া হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না।
শুধুমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D