৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮
জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার নির্বাচনী এলাকার গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং রোববার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সুষ্টু পরিবেশ নিশ্চিত এবং ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার সার্বিক নিরাপত্তা প্রদান করতে সরকার নির্বাচন কমিশন ও নির্বাচনী কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান।
লিখিত বক্তব্যে শফি চৌধুরী বলেন, আমার নির্বাচনী এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী তল্লাশী চলছে। এ পর্যন্ত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের ৪টি থানায় ১৫টি মামলা এবং প্রায় দু শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। কর্মীসমর্থকদের বাড়ি গিয়ে মা বোন ও তাদের স্ত্রীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনের পর ২ জানুয়ারি পর্যন্ত যাতে তারা বাড়ি না ফেরে তেমন নির্দেশনা ও হুমকি দিচ্ছে পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। ফিরলে তাদের গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর পরই ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সুফিয়ানুল করিম চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, বিএনপি নেতা ওহিদুজ্জামান চৌধুরী সুফি, ময়নুল ইসলাম মঞ্জুর সহ অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা ছিল না। শুধুমাত্র বিএনপি করার কারণে ও নির্বাচনী কাজে থাকার জন্য তাদের আটক করা হয়। এতো কিছুর পরও আমরা নির্বাচনের মাঠে আছি এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবো।
তিনি বলেন, ধানের শীষের পক্ষে মানুষের অবস্থান দেখে মহাজোট প্রার্থী ভীত সন্ত্রস্ত হয়ে এই ঘৃণ্য উপায় অবলম্বন করছেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফি চৌধুরী বলেন, ১০ বছরের আওয়ামী শাসনে অতিষ্ঠ জনগন ধানের শীষের পক্ষে আছেন।
এমন আতংকজনক পরিস্থিতি সৃষ্টির পরও শফি চৌধুরী ভোটকেন্দ্রে তার ভোটারদের শতভাগ উপস্থিতির ব্যাপারে দৃঢ় আশাবাদী বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে শফি চৌধুরীর পক্ষে তার পুত্রবধু কন্ঠশিল্পী দিতি চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল্লাহ রিপন, শফি চৌধুরীর পুত্রবধু দিঠি চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D