ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ সম্প্রসারণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১১ অক্টোবর) বিকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ‘বিদেশি কারিকুলাম অধ্যয়নকারী শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তির সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অ্যালায়েন্স অফ প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলস আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর দেশে ইংরেজি মাধ্যমের প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষার্থী ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু ভর্তি পরীক্ষার বিদ্যমান পদ্ধতি ও সমমানের সনদের জটিলতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কম সুযোগ পায়, যা আমাদের শিক্ষাব্যবস্থার জন্য একটি ‘সিস্টেম লস’।

তিনি আরও বলেন, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় যাতে সমতার ভিত্তিতে অংশ নিতে পারে, সে লক্ষ্যে ইউজিসির নেতৃত্বে কমিটি গঠনের পর প্রয়োজনীয় সুপারিশের আলোকে নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে দেশের ইতিহাস, বাংলা ভাষা ও সংস্কৃতির কার্যকর পাঠদান জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।

অ্যালায়েন্স অফ প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসের সভাপতি মো. মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ ব্রিটিশ কাউন্সিল এবং বিভিন্ন ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া, যুক্তরাজ্যে সেপ্টেম্বর/অক্টোবর ২০২৭ সেশনের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ‘কমনওয়েলথ স্কলারশিপ’-এর জন্য আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মিলনায়তনে ১১ ও ১২ অক্টোবর ২০২৬ তারিখে এই ভাইভা বোর্ড বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডের সভাপতি ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। উক্ত সিলেকশন কমিটিতে সম্মানীয় সদস্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও অধ্যাপকগণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট