সিসিকের পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) রাত নয়টার দিকে নগরীর সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্বজনদের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা হৃদয়কে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, আমিনসহ কয়েকজন মিলে তাঁর ভাইকে হত্যা করেছেন। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই আসামিরা ধরা পড়বে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট