আ’লীগ আবার ক্ষমতায় আসলে মানুষ দরিদ্র থাকবে না : শেখ হাসিনা

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

আ’লীগ আবার ক্ষমতায় আসলে মানুষ দরিদ্র থাকবে না : শেখ হাসিনা

আওয়ামী লীগের একমাত্র লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন আর দারিদ্রতা দুর করা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের একমাত্র লক্ষ, আগামীতে আমরা ক্ষমতায় আসলে কোনো মানুষ আর দরিদ্র থাকবে না।

শেখ হাসিনা বলেন, জীবন মান উন্নত করতে অনেক পরিকল্পনা গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার।

তিনি আরো বলেন, আমরা আবার ক্ষমতায় আসলে ঢাকা শহরের চারপাশের নদীগুলো খনন করে নাব্যতা কমিয়ে আনবো।

সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে জনসভায় অংশ নেন।

সকাল ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ নির্বাচনী প্রচারে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি।

জনসভায় আওয়ামী লীগের জাতীয় ও ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) নেতারা ছাড়াও মহাজোট মনোনীত রাজধানীর অন্য প্রার্থীরাও উপস্থিত আছেন।

১২ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি তার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।

রবিবার রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্যায়ে শনিবার সিলেট সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.), হজরত শাহ পরাণ (রহ.) এবং হজরত গাজী বোরহানউদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন। পরে বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন।