১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী জোট ঐক্যফ্রন্টের ইশতেহার আজ সোমবার সকালে হোটেল পূর্বাণীতে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
নির্বাচনের ১৩ দিন আগে রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।
এ সময় ধানের শীষের প্রার্থীদের ওপর ক্ষমতাসীনদের অব্যাহত হামলার অভিযোগ তুলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এ বিশিষ্ট আইনজীবী।
নির্বাচনের প্রচারের মধ্যে বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণসহ নানা ঘটনা তুলে ধরতে পুরানা পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয়।
প্রচারের শুরু থেকেই বিভিন্ন স্থানে বিরোধী জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ করছেন ঐক্যফ্রন্টের নেতারা।
বর্তমানে পরিস্থিতি নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কি না- এই প্রশ্নের জবাবে কামাল বলেন, আশঙ্কা তো আছেই যে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ হতে দেয়া হবে না। তারা বুঝতে পারছে, মানুষের জনমত। আপনারাও (সাংবাদিক) এটা জানার চেষ্টা করলে জানতে পারবেন।
তিনি বলেন, আমরা শুধু আপনাদের তথ্যগুলো দিচ্ছি। এ ব্যাপারে (বানচাল) আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা দেখুন।
‘আপনারাই তথ্য দিচ্ছেন, ভোটারদের হুমকি দেয়া হচ্ছে, যারা মিছিল করছেন, তাদের ওপর আক্রমন করা হচ্ছে, প্রার্থীদের ওপর আক্রমণ করা হচ্ছে, প্রার্থীরা গুলিবিদ্ধ হয়েছেন, এমন ঘটনাও ঘটেছে।’
ড. কামাল বলেন, এসব ঘটনার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হয় না। অবাক কাণ্ড! যারা শিকার হচ্ছেন আক্রমণের, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আর যারা আক্রমণ করছে, তারা বহাল তবিয়তে আছে।
প্রশ্ন রেখে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পথে এসব ঘটনা যদি ঘটতে থাকে, স্বাভাবিকভাবে আশঙ্কা হবে ভোটের দিন কী হবে।
সাংবাদিকদের উদ্দেশে কামাল বলেন, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার জন্য। আপনারা (গণমাধ্যম) গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন, যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।
সংবাদ সম্মেলনে বিএনপির আবদুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, নুরুল হুদা মিলু চৌধুরী, বিকল্পধারার নুরুল আমিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D