৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
কর্মশালায় সিনিয়র জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা
সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, গরিব-হতদরিদ্র মানুষের অধিকার সংরক্ষণ করতেই সরকার লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছে। অসহায় লোকজন বিনা পয়সায় আইনি সাহায্য এবং মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন। সারাদেশে এই প্রকল্পের মাধ্যমে বিপুল জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। এই কার্যক্রমকে আরো বলিষ্ঠ করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে ‘উন্নয়নের অগ্রযাত্রায় আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার আরো বলেন, সরকার চাচ্ছে সবাই যেনো উন্নয়নের মধ্যে থাকে, কেউ যেন উন্নয়নের বাইরে না থাকে। তারা যেনো আইনি সেবার মাধ্যমে ন্যায়বিচার পান। কিন্তু, যারা এ সেবা পাবে তাদের বেশিরভাগই লিগ্যাল এইড সম্পর্কে অবগত নয়।
জনবল সংকটসহ নানা প্রতিবন্ধকতার মধ্যেও লিগ্যাল এইড কার্যক্রম জোরদার হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিলেট জেলা লিগ্যাল এইড অফিসে স্থায়ী কর্মকর্তা নেই। তবুও গত পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ ও শিশু এখান থেকে সেবা নিয়েছেন। আমরা চাচ্ছি, গ্রামের প্রত্যন্ত হতদরিদ্র মানুষ ন্যায় বিচার পাবে। সকলের সমান অধিকার নিশ্চিত হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের প্রকৃত চিত্রকর। তারা এ সংক্রান্ত চিত্র তুলে ধরলে সমাজের মানুষ আরো উপকৃত হবেন বলেও তিনি মন্তব্য করেন।
সিলেট জেলা যুগ্ম জজ তাছলিমা শারমিনের সঞ্চালনায় কর্মশালার আলোচ্য বিষয়ে বিস্তারিত জানান-সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার কাকন দে। বক্তব্য রাখেন-সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলার অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জেড এম শামসুল, সজল ছত্রী, ফয়সল আলম, নিউজ টুয়েন্টি ফোর এর গুলজার আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার প্রদত্ত বিনামূল্যে আইনি সহায়তা দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, অস্বচ্ছল মানুষের জন্য নিশ্চিত করতে হবে। এতে ভোগান্তি দূর হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
বক্তারা আরও বলেন, এ সেবা সম্পর্কে এখনও অধিকাংশ মানুষ জানে না। জনগণকে সরকারী আইনি সেবা সম্পর্কে জানানোর ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব অনেক। সকলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বক্তারা বলেন, সরকার চায় মানুষ এ সেবা সম্পর্কে জানবে, নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে। কারো দারস্থ হতে হবে না। ফলে জবাবদিহি বাড়বে এবং দুর্নীতি ও অন্যায়-অবিচার রোধ হবে। এভাবে বাংলাদেশকে জনবান্ধব একটি রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।
কর্মশালায় জানানো হয়, লিগ্যাল এইড জনগণকে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত একটি সংস্থা। অর্থ সংকটে কিংবা ভয়ভীতির কারণে যারা মামলা দায়ের করতে পারেন না, ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন অথবা মামলা পরিচালনা করতে অক্ষম তাদের সহায়তা দেওয়া হয়।
যারা আইনি সেবার জন্য আবেদন করেন তাদের জন্য আইনজীবী নিয়োগ, মামলা দায়েরসহ মামলা পরিচালনায় লিগ্যাল এইড সহযোগিতা করে থাকে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও চেষ্টা করা হয়। এছাড়া, প্রি-কেইস মেডিয়েশনের মাধ্যমে মামলা না করেও সংক্ষুব্ধ ব্যক্তির ক্ষতিপূরণ তথা ন্যায় বিচার নিশ্চিত করা হয়।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ওবায়দা, জেলা লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সহকারী জজ শরিফুল হক, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও আব্দুর রশিদ রেনু, সিলেট বিভাগ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ হান্নান, কাজিরবাজারের বার্তা সম্পাদক শোয়েব বাসিত, এস এ টিভির আব্দুল আলিম শাহ, বিডিনিউজ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মনজুর আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D