৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৮
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রসুলপুর গ্রামে নেই কোন প্রাথমিক বিদ্যালয়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় পার্শ্ববর্তী স্কুলেও যেতে পারেনা গ্রামের শিশুরা। ফলে গ্রামের প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। চার বছর পূর্বে স্কুলের জন্য জায়গা দেয়া হলেও আজও বিদ্যালয় স্থাপিত হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে, উপজেলা প্রকৌশল অফিস জানায়, ৬ বার টেন্ডার হওয়ার পরও দুর্গম এলাকা হওয়ায় কোন ঠিকাদার সেখানে কাজ করতে যাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ দশক আগে কয়েকটি পরিবার পাশর্^বর্তী দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন থেকে জামালগঞ্জ উপজেলায় এই এলাকায় বসতি স্থাপন করে। নতুন গ্রামের নামকরণ হয় রসুলপুর। বর্তমানে গ্রামটিতে দেড় শতাধিক পরিবারের বসবাস। এতোদিনেও গ্রামটিতে নেই কোন প্রাথমিক বিদ্যালয়। এলাকাবাসী জানায়, শিক্ষা বঞ্চিত শিশু কিশোররা সকালে বিল আর ঝিলে, শালুক, সামুক ও ঝিনুক আর সিংরা তোলে। দুপুরে মাঠে গরু চরানো, গোবর সংগ্রহ করে জ¦ালানী তৈরি ও খেলাধুলায় ব্যস্ত থাকে। অভিভাবকদেরও কৃষি আর মৎস্য আহরণ ছাড়া কোন কিছু করার নেই। সবচেয়ে কাছের যে প্রাথমিক বিদ্যালয় তাও ২ কিলোমিটার দূরে। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম হওয়ায় সেখানে যাওয়া শিশুদের পক্ষে প্রায় অসম্ভব।
গ্রামের মুরব্বি আবু ধন ও এবাদ নুর বলেন, ‘ শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে আমাদের ছেলে-মেয়েরা আমাদের মতো পড়ালেখার সুযোগ থেকে বঞ্চিত হবে।’
মসজিদের মোতওয়াল্লী নুরুজ আলী, দায়িত্বশীল সাক্কাছ আলী ও আঃ হেকিম বলেন, ‘৪ বছর পূর্বে তারা জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। বিদ্যালয় স্থাপনের আজো কোন উদ্যোগ নেই।’
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন বলেন , একটি স্কুল স্থাপন করতে বা সরকারী অনুমোদন পেতে কমপক্ষে ২ হাজার মানুষের প্রয়োজন , যা রসুলপুর গ্রামে হয়নি। এ ছাড়াও বিদ্যালয়ের নামে জমি দানে গরমিল আছে। তবে উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, রসুলপুর গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের জন্য ৬ বার টেন্ডার হয়েছে। ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দের এ ভবন নির্মানের কাজ কোন ঠিকাদার গ্রহণ করেনি। বর্তমানেও সরকারের বিদ্যালয়ন বিহীন ১ হাজার গ্রামে বিদ্যালয় স্থাপনের নতুন প্রকল্পের মধ্যে রসুলপুর গ্রাম অন্তর্ভূক্ত আছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D