৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮
আঙ্কারা : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
শনিবার মাহাথিরকে টেলিফোনের মাধ্যমে এই অভিনন্দন জানান এরদোগান।
অভিনন্দন বার্তায় এরদোগান মাহাথিরের সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন বলে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়।
মালয়েশিয়ায় ১৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় বুধবার। ৬০ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা বারিসান ন্যাশনালের ভিত এবার নড়ে যায়। নাজিবের এই জোটের চেয়ে বেশি পার্লামেন্ট আসনে জেতে মাহাথিরের পাকাতান হারাপান। আনুষ্ঠানিক ফলাফলে জানা গেছে, মাহাথিরের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট পাকাতান হারাপান পার্লামেন্টের ১১৩টি আসনে জয়ী হয়েছে। পার্লামেন্টের মোট আসন ২২২টি। অন্যদিকে বারিসান ন্যাশনাল জিতেছে ৭৯টি আসনে।
মাহাথির মোহাম্মদও নিজেও একসময় বারিসান ন্যাশনাল জোটের অংশ ছিলেন। তবে ১৫ বছর পর রাজনীতির মঞ্চে ফিরেই নিজের দল ও একসময়ের শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে দাঁড়ান তিনি। মাহাথির বলেছিলেন, যে রাজনৈতিক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দলে থাকা লজ্জার।
বিরোধীদলীয় জোট পাকাতান হারাপান ২০১৮ সালের জানুয়ারি মাসে মাহাথিরকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে। তখন মাহাথির বলেছিলেন, নির্বাচিত হলে বেশি দিন ক্ষমতায় থাকবেন না তিনি। আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতায় এনেই বিদায় নেবেন। সূত্র: ডেইলি সাবাহ নিউজ।
আরো পড়ুন
মালয়েশিয়ার বিপ্লবের নায়ক আনোয়ার ইব্রাহীম মুক্তি পাচ্ছেন মঙ্গলবার
মালয়েশিয়ার কারাবন্দি রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহীমকে আগামী মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। এদিন তার পূর্ণাঙ্গ রাজকীয় ক্ষমা ঘোষণা করা হবে। এমনটিই জানিয়েছেন তার মেয়ে নুরুল ইজ্জাহ। স্থানীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে আল-জাজিরা।
খবরে বলা হয়, শনিবার নুরুল ইজ্জাহ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, তার পিতার মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী মঙ্গলবার তার রাজকীয় ক্ষমা ঘোষণা করা হবে।
একই সঙ্গে তিনি বন্দিদশা থেকে মুক্তি পাবেন। এর আগে শুক্রবার মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ঘোষণা দিয়েছিলেন, আনোয়ার ইব্রাহীমকে ক্ষমা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজা আগং। তবে আনোয়ারের মুক্তির দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেননি মাহাথির। বলেছিলেন, দ্রুতই তার মুক্তি প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে কথিত সমকামিতার অভিযোগে ৭০ বছর বয়সী আনোয়ারকে জেলে পাঠান সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক। তবে এই অভিযোগ প্রত্যাখান করেছেন আনোয়ার। তার দাবি, সমকামিতার অভিযোগ পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্যই এই অভিযোগ তোলা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D