২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৮
‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের রিটের প্রয়োজন পড়ে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুটি সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ মে হওয়ার কথা ছিল। খুলনার কার্যক্রম যথারীতি চলছে। অন্যদিকে, গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নিয়ে সংক্ষুব্ধ একজনের মামলায় নির্বাচন স্থগিত হয়েছিল। এ নিয়ে আপিল মামলার শুনানি শেষে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এখন নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব কমিশনের।’
‘আওয়ামী লীগ গাজীপুরের মতো খুলনার নির্বাচনও স্থগিতের পাঁয়তারা করছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘মামলার বিষয়ে দল-বেদল বলা যায় না। কারণ, যে লোকটি (গাজীপুরের) মামলাটি করেছিল, তার মামলার শুরুর দিকে শুনানিতে ছিলেন মওদুদ আহমদ। তিনিই নেতৃত্ব দিয়েছেন। এটাতো প্রমাণিত। গাজীপুর ও খুলনা সিটিতে আমাদের প্রার্থীর বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত আছি। আমরা পপুলার প্রার্থী মনোনয়ন দিয়েছি। আমাদের দুই প্রার্থীই ক্লিন ইমেজের। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের কোনও অভিযোগ নেই। আমরা জানি, আমাদের প্রার্থী জিতবে। তাই আমরা কেন মামলা করতে যাবো? গাজীপুরের নির্বাচন স্থগিত হওয়ার কারণে আমাদের নেতকর্মীদের মনে হতাশার ছায়া নেমে এসেছিল। তারা ভেঙে পড়েছিল। যেখানে নিশ্চিত বিজয়ের দিকে যাচ্ছি, সেখানে কেন স্থগিত করতে যাবো। এর সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’
ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের মতো দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনে এ ধরনের অনুপ্রবেশ কীভাবে সম্ভব, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগ আসতে পারে। এ অভিযোগের সত্যতা নিয়ে আমরা খোঁজ নিয়েছি। এখনতো তার টার্ম ওভার হয়ে গেছে। ছাত্রলীগ তাকে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। তাই এবিষয়ে আমরা প্রশ্ন তুলতে পারি না।’
অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে যেসব কথা ও নালিশ রয়েছে, সে ব্যাপারে নেত্রীর নির্দেশে আমরা সিরিয়াসলি খতিয়ে দেখছি। নেত্রী নিজেও একটা টিমকে দায়িত্ব দিয়েছেন এ বিষয়ে খতিয়ে দেখতে। নতুন নেতৃত্ব নির্বাচনে অনুপ্রবেশকারী কেউ যেন নেতৃত্বে স্থান না পায়, সে বিষয়ে কঠোর যাচাই-বাচাই হচ্ছে। সে জন্য আমরা কাজ করছি।’
অনুপ্রবেশে যারা সহযোগিতা করেছিল, তারা সুযোগ পেলেতো আবারও অনুপ্রবেশ করতে পারে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ছাত্রলীগের নেত্রী শেখ হাসিনা, আপনারা যে কথা বলছেন, সেটি তার নলেজে আছে। অভিযোগও এসেছে। তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। ছাত্রলীগ আমাদের সংগঠন। নেতৃত্ব যদি সঠিক না হয়, তাহলে আমরাই খাটো হবো জনগণের কাছে। সে বিষয়ে কি আমাদের খেয়াল নেই? যেহেতু এর সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা, তাই আমাদেরতো মাথাব্যথা আছে।’
আলোচনার বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল- বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড, আগামী ২৬ মে ভারতের আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে থেকে ডিলিট উপাধি পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা প্রদান, ছাত্রলীগের সম্মেলন,১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও তার সংবর্ধনা এবং সমকালীন আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি।
বৈঠকের পর আগামী ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনার দেওয়ার সময়সূচিও জানান ওবায়দুল কাদের। বলেন, ১৭ মে বেলা ১১টায় গণভবনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রীর অর্জন ও সফলতা নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দেশের বুদ্ধিজীবীরাও বক্তব্য দেবেন।
এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য হাছান মাহমুদ, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, রোকেয়া সুলতানা, অসীম কুমার উকিল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D