|
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতি হয়েছে। এ সময় গ্যারেজ মালিক ও তাঁর স্ত্রীকে রশি দিয়ে বেঁধে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন গ্যারেজ পরিচালনাকারী অহিদুল্লাহ (৫৪)।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটাভোগ গ্রামে ওহিদুর রহমান জিঠুর অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গ্যারেজের পেছনের তালা কেটে ভেতরে ঢুকে পড়ে। তখন গ্যারেজে থাকা পরিচালনাকারী অহিদুল্লাহ ও তাঁর স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর গ্যারেজে থাকা ৬১টি ব্যাটারি, ১৯টি চার্জার ও দুটি অটোরিকশা একটি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় হোসনা খাতুন নিজের বাঁধন খুলে স্বামীকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। প্রায় তিন মাস ধরে তিনি ওই গ্যারেজ ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D