|
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নগরের আম্বরখানা পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছেন, তখন ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, বিএনপির উদারতাকে কেউ দুর্বলতা মনে করার সুযোগ নেই। বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়, বরং শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। তবে কেউ সীমা অতিক্রম করে বাড়াবাড়ি করলে তার চরম মূল্য দিতে হবে।
এ সময় রেজাউল হাসান কয়েস লোদী দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার পাশাপাশি অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহীন আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি খোকন আহমদ, সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক চেয়ারম্যান শহীদ আহমদ বক্তব্য দেন।
অবস্থান কর্মসূচি ও মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D