|
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার এম এন মোর্শেদ।
পিবিআই জানায়, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজ খুলে নারী পরিচয়ে ইতালি প্রবাসী শাহাদাত খানের (২২) সঙ্গে যোগাযোগ করেন টিটু। ওই পেজে নারী সেনা সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো। পরে নারী কণ্ঠে ফোন ও ইমোতে কথা বলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়।
একপর্যায়ে বিভিন্ন অজুহাতে শাহাদাত ও তার মা শাহনাজ বেগমের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। নিজের মায়ের অসুস্থতার কথাও বলে কয়েক দফায় টাকা নিয়েছেন অভিযুক্ত।
এ ঘটনায় ভুক্তভোগীর মা প্রথমে আদালতে সিআর মামলা করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের হলে ১৩ সেপ্টেম্বর তা তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। তদন্তে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার লেনদেন বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।
গত ২০ সেপ্টেম্বর বিকেলে ঢাকার দারুস সালাম এলাকা থেকে টিটুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও বিকাশ-নগদ অ্যাকাউন্টের সিম উদ্ধার করা হয়েছে।
পরে আদালতে হাজির করলে এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই আরও জানায়, তোফায়েল নারীর কণ্ঠে কথা বলতে পারতেন এবং মেসেঞ্জার ও ইমোর মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের সন্ধানে তদন্ত চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D