কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম (১৩)-এর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান জানান, লাশ উদ্ধার করে সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর দক্ষিণ থানার কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

নিখোঁজের পর অপ্রতীমের মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছেলেকে খুঁজে পেতে সবার সহায়তা কামনা করেন। তিনি জানান, বিকেল থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সে নীল রঙের পাঞ্জাবি পরে বের হয়েছিল এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও সঙ্গে ছিল না।

এ ঘটনায় অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট