পুরনো নিয়মেই যুক্তরাষ্ট্রের ভিসা, যাদের জন্য স্বস্তির খবর

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬

পুরনো নিয়মেই যুক্তরাষ্ট্রের ভিসা, যাদের জন্য স্বস্তির খবর

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য স্বস্তির খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ভিসার মেয়াদসংক্রান্ত নতুন কঠোর নিয়ম কার্যকর করার ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। ফলে আপাতত আগের নিয়মেই তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বোস্টনের একটি মার্কিন জেলা আদালতের বিচারক এফ ডেনিস সেইলর এ আদেশ দেন। বিভিন্ন শ্রমিক সংগঠন ও উচ্চশিক্ষাবিষয়ক সংগঠনের জোটের করা মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন বিধি কার্যকর হওয়ার এক দিন আগেই আদালত তা স্থগিত করে দেন।

নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত এফ ভিসা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জে ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার প্রস্তাব ছিল। পাশাপাশি সাংবাদিকদের জন্য ব্যবহৃত আই ভিসার মেয়াদ ২৪০ দিনে নামিয়ে আনার কথা বলা হয়েছিল। বর্তমানে এসব ভিসার ক্ষেত্রে ‘স্ট্যাটাস বজায় রাখা পর্যন্ত’ যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ রয়েছে, যা দীর্ঘদিন ধরে চালু আছে।

বিচারক বলেন, প্রায় পাঁচ দশক ধরে চালু থাকা ব্যবস্থায় বড় পরিবর্তন আনার আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্বেগ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। কম কঠোর বিকল্প পদ্ধতি খতিয়ে দেখার আইনি দায়িত্বও পালন করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আদালতের নথি অনুযায়ী, বর্তমানে প্রায় ১৬ লাখ মানুষ এফ ভিসা এবং আরও প্রায় ৫ লাখ মানুষ জে ভিসার আওতায় রয়েছেন। নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এতে উচ্চশিক্ষা খাত ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারত। গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হওয়ায় ভর্তি কমে গেলে ব্যয় বেড়ে যাওয়া ও গবেষণায় প্রভাব পড়ার ঝুঁকি ছিল।

মামলাকারী পক্ষের দাবি, আদালতের এই রায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য ইতিবাচক বার্তা দেবে এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও কাজের পরিবেশ স্থিতিশীল রাখবে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে এ সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছে। তাদের মতে, এতে অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকানো কঠিন হয়ে পড়তে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট