|
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬
বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণা, কোনো পরীক্ষা ও রক্তের নমুনা (ব্লাড স্যাম্পল) না নিয়েই ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত হিলভিউ মেডিকেল সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অভিযানকালে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং মেডিকেল পরীক্ষার নামে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান সূত্রে জানা যায়, বিদেশগামী যাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকা হলেও হিলভিউ মেডিকেল সেন্টারে ১২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।
অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার নেই। এমনকি কোনো পরীক্ষা না করিয়ে এবং রক্তের নমুনা (স্যাম্পল) সংগ্রহ না করেই বিদেশগামী যাত্রীদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন, ‘আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে—হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশগামী যাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নামি। তদন্তে বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার নেই। কোনো পরীক্ষা না করিয়ে, এমনকি কোনো স্যাম্পল না নিয়েই বিদেশগামী যাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার বিষয়টিও আমাদের নজরে এসেছে।’
মোহাম্মদ আরিফ মিয়া আরও বলেন, ‘প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D