অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩

ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে সরবরাহের নামে প্রতারণা করা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)। তাদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায়।

পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দাম ও বিশেষ ছাড়ের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিত। পরে পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দিত তারা।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ‘Sneakers Hub BD’ নামের অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে এক জোড়া জুতা অর্ডার করেন। চক্রটি বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়।

তদন্তে প্রতারক চক্রটির অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্য এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম, অতিরিক্ত ছাড় বা আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে যাচাই-বাছাই ছাড়া অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে অগ্রিম টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট