সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫৫

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫৫

সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাড়ি সিলেট নগরীর টুকেরবাজার এলাকায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৭ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬২ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৯ জন মারা গেছেন। শুধু নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।

নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগীর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি রোগীর চাপ এখনও অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় ১৩৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া পরিস্থিতির তীব্রতারই ইঙ্গিত দিচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট