|
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬
ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন যাত্রী।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—জেলার হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির (আনুমানিক ৫০ বছর) পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া হালুয়াঘাটগামী ‘ইমাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস আলালপুর খালেক ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শ্যামলী বাংলা পরিবহন’-এর অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে এক যাত্রী মারা যান। এসময় আহত হন অন্তত ১০ জন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে একজন প্রাণ হারান। তার পরিবারের সদস্যরা এসে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছেন, যা বাস্তবায়নে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর দ্রুত দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যান দুটি জব্দসহ পুরো বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D