দক্ষিণ সুরমার লালাবাজারে জুয়া চক্রের ৪ সদস্য আটক

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

দক্ষিণ সুরমার লালাবাজারে জুয়া চক্রের ৪ সদস্য আটক

সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টায় দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার ‘মাহতাজ ভেরাইটিজ স্টোর’ নামে একটি চা দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​আটকরা হলেন— সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দর গ্রামের মৃত আমিনউল্লার ছেলে মো. জলিল উদ্দিন (৩৮), হবিগঞ্জ জেলার লাখাই থানার সিংহগ্রামের মো. মিয়া হোসেনের ছেলে মো. সামাইন (৩০), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডীপাশার মৃত অখিল মিয়ার ছেলে মো. নাইম মিয়া (৩৩) এবং হবিগঞ্জের লাখাই থানার মনতৈল উত্তরপাড়ার মো. আসমত আলীর ছেলে মো. শাহিন মিয়া (৩৫)।

​র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে, লালাবাজারের ওই চা দোকানের ভেতরে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। তথ্যের ভিত্তিতে র‍্যাব ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র‍্যাব সদস্যরা চারজনকে ঘিরে ফেলে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে- তারা জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

​পরবর্তীতে তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে বিভিন্ন অনলাইন জুয়া খেলার সাইট ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের জব্দকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট