হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৯ শিশুর প্রাণহানি ঘটল। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তারা ঢাকা, সিলেট ও খুলনা জেলার বাসিন্দা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৯৪০ জন রোগী। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর অবশিষ্ট ৮৭৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে ১৮ হাজার ২০৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত করা গেছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট