|
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের আবেদনসংক্রান্ত এ তথ্য জানায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ বিষয়ে নিয়ম ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে বিভক্ত, সেসব বিষয়ের উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
নির্ধারিত ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
একবার আবেদন ও ফি পরিশোধের পর কোনো শিক্ষার্থী চাইলে আরও বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদন করার সময় ফি পরিশোধের আগ পর্যন্ত নির্বাচিত বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে। ভুল করে কোনো বিষয় নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সেটি বাদ দেওয়া যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে।
তবে ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে জমা দেওয়া অর্থও ফেরত দেওয়া হবে না।
যেভাবে আবেদন করবেন
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:
এসএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন পোর্টাল। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপর পর্দায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানো হবে। বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতি জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।
ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D