৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ পাঠ্যবই

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৬

৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হতে যাচ্ছে যুগোপযোগী ও দক্ষতা-নির্ভর নতুন চারটি পাঠ্যবই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ৩৫টি বিশেষায়িত অধ্যায়ে সাজানো এই বইগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ, সাংস্কৃতিক সত্তাকে চেনা এবং বাস্তবমুখী কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করা। নতুন এই পাঠ্যক্রম নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

প্রস্তাবিত নতুন রুপরেখায় চতুর্থ শ্রেণিতে থাকছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক দুটি বই। ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডির পাশাপাশি মার্শাল আর্ট ও প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ১৩টি অধ্যায় রাখা হয়েছে।

অন্যদিকে, ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ের ১০টি অধ্যায়ে তুলে ধরা হবে আমাদের লোকসংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের বৈচিত্র্যময় আখ্যান। এসব বই শিক্ষার্থীদের কেবল তত্ত্বীয় জ্ঞানেই সীমাবদ্ধ রাখবে না, বরং তাদের শেকড় ও সুস্থ জীবনধারার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আনা হচ্ছে ‘আনন্দময় শিখন’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামে আরও দুটি বিশেষ বই। ইতিবাচক জীবনচর্চা ও সুখের সন্ধানে সাতটি অধ্যায়ে সাজানো হয়েছে আনন্দময় শিখনের পাণ্ডুলিপি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বইটির লক্ষ্য সাধারণ ধারার শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বাস্তবমুখী দক্ষতার বীজ বপন করা। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এ বইটির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের আগাম ধারণা পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বইগুলোর প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পাঠ্যবইগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শিশুদের আবেগিক ও সৃজনশীল বিকাশ ঘটে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আশ্বস্ত করে বলেছেন, বিগত সময়ের ভুলত্রুটি ও অসামঞ্জস্য দূর করে এবার একটি নির্ভুল, আধুনিক ও ঝকঝকে পাঠ্যবই শিক্ষার্থীদের উপহার দেওয়া হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সরাসরি অংশগ্রহণে বইগুলোর চূড়ান্ত পরিমার্জন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট