মহররমের চাঁদ দেখা গেছে, বুধবার শুরু হিজরি নববর্ষ-১৪৪৮

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

মহররমের চাঁদ দেখা গেছে, বুধবার শুরু হিজরি নববর্ষ-১৪৪৮

বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের নতুন বছর। আগামী ২৬ জুন (শুক্রবার) ১০ মহররম দেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর ফলে ২৯ দিনেই শেষ হলো পবিত্র জিলহজ মাস। বুধবার থেকে শুরু হবে ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহররম এবং নতুন হিজরি বছর।

ইসলামি ঐতিহ্যে মহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। এ মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরার দিন মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। বাংলাদেশে এ উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের স্মৃতিকে কেন্দ্র করে আশুরা বিশেষভাবে পরিচিত। পাশাপাশি ইসলামের ইতিহাসে আশুরা আরও নানা তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে গুরুত্ব বহন করে।

হাদিসে আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। ইসলামী বিধান অনুযায়ী, ১০ মহররমের সঙ্গে আগের বা পরের দিন মিলিয়ে রোজা রাখার প্রতি উৎসাহিত করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট