১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
একদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
তবে স্বর্ণের এ দামের সঙ্গে ভোক্তাদের অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করতে হবে। পাশাপাশি অলংকারের নকশা ও মানভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস।
আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার কারণে সাম্প্রতিক সময়ে দেশের বাজারে স্বর্ণের দাম বারবার সমন্বয় করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও দাম কমানোর ঘোষণা এলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D