হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারাদেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬০ হাজার ৫৪০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জন ও আক্রান্ত ৩৫ হাজার ২১ জন।