পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৬

পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানূর হোসেন (৩৫) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সহযোগী আব্দুল মোমিন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় একটি মসজিদের ওয়াজ মাহফিলের আদায়কৃত টাকার হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর হোসেন। এ নিয়ে একই এলাকার মোস্তফার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। মাহফিলের টাকার হিসাব নিয়ে ওই দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল এবং এ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর হোসেন ও তার সহযোগী আব্দুল মোমিন বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইয়ানূর হোসেন মারা যান। গুরুতর আহত আব্দুল মোমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান শুক্রবার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মসজিদের ওয়াজ মাহফিলের টাকা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।’

ওসি আরও জানান, এ ঘটনায় শুক্রবার বিকেলে সোহেল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট