সিলেট সীমান্তে ইয়াবা ট্যাবলেট ও পশু জব্দ, আটক ১

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

সিলেট সীমান্তে ইয়াবা ট্যাবলেট ও পশু জব্দ, আটক ১

সিলেটের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ১৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেট, গরু ও পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর আমলশীদ বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমলশীদ ত্রিমোহনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পালানোর চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৭৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য প্রায় ৫ লাখ ২৬ হাজার টাকা।

এছাড়াও বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র পৃথক অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু ও ৮ হাজার ৮৮০ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য প্রায় ১০ লাখ ৫৪ হাজার টাকা।

সব মিলিয়ে অভিযানে আটককৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ১৫ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ১৯ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, আটককৃত আসামি ও ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট