সিলেটে আওয়ামী তাঁতী লীগের সভাপতি জামায়াতে যোগদান

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

সিলেটে আওয়ামী তাঁতী লীগের সভাপতি জামায়াতে যোগদান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী তাঁতী লীগের সভাপতি শের তারিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তার যোগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুরে গ্রামীণ ব্যাংকের সামনে প্রয়াত শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেন।

এ সময় শের তারিকুল ইসলাম বলেন, “২৪-এর জুলাই-আগস্টে সাধারণ ছাত্র-জনতার ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো আওয়ামী লীগ আজও দেশবাসীর কাছে ক্ষমা চায়নি। বরং দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের মানুষের শান্তি চায় না, শুধু ক্ষমতা চায়। গত ১৬ বছরেও তাদের ক্ষমতার লোভ শেষ হয়নি। তাই দেশ ধ্বংস করে হলেও আবার ক্ষমতা কুক্ষিগত করতে চায়।”

তিনি দাবি করেন, “যারা ক্ষমতার লোভে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত, তাদের সঙ্গে সুশীল সমাজের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। এ কারণেই গত বছরের ২৭ জুলাই আমি আওয়ামী তাঁতী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।”

এ সময় তিনি আওয়ামী লীগের স্থায়ী নিষিদ্ধের দাবিও জানান।

এদিকে, সাবেক তাঁতী লীগ নেতার জামায়াতে যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জামায়াত।

উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান বলেন, “শের তারিকুল ইসলাম ৫ আগস্টের আগেই তাঁতী লীগ থেকে পদত্যাগ করেছিলেন এবং তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। এ বিষয়ে তিনি আমাদের কাছে প্রমাণও দিয়েছেন।”

তিনি আরও জানান, শের তারিকুল ইসলাম জামায়াত মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট