সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতিসহ বহিষ্কার ৮

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫

সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতিসহ বহিষ্কার ৮

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মোট ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আব্দুল খালেককে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া বহিষ্কৃত অন্য নেতারা হলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কৃত এসব নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বিএনপি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট