প্রাথমিকের এটিইও নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

প্রাথমিকের এটিইও নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (দশম গ্রেড) পদের প্রার্থীদের জন্য ৭ জানুয়ারি নির্ধারিত লিখিত পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

পিএসসি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে আবেদনের শেষ তারিখের ঠিক একদিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ করেই আবেদন কার্যক্রম স্থগিত করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালে এটিইও পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ২৫ জুলাই, যা দুই দফায় বাড়িয়ে একই বছরের ২২ আগস্ট পর্যন্ত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় আড়াই বছর এবং আবেদন প্রক্রিয়া শেষের প্রায় দেড় বছর পার হলেও এখনো ১৫৯টি এটিইও পদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী ৭ জানুয়ারি পরীক্ষা আয়োজন নিয়ে পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশাবাদী থাকলেও আইনি জটিলতার কারণে তা আবারও স্থগিত হলো।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ওই দিন বিকাল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অধিকাংশ চাকরি প্রার্থী আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও দুপুর ২টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এতে প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট