পাকিস্তানীদের চাকরি দেবে ইতালি

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৫

পাকিস্তানীদের চাকরি দেবে ইতালি

কাজ করতে আগ্রহী পাকিস্তানীদের জন্য ১০ হাজার ৫০০টি চাকরি বরাদ্দ দিয়েছে ইতালির সরকার। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

বিবৃতিতে বলা হয়, বরাদ্দকৃত চাকরির বেশিরভাগই জাহাজভাঙা শিল্প, স্বাস্থ্যসেবা এবং কৃষি খাতে। পাশাপাশি দক্ষ ও আধা-দক্ষ পাকিস্তানিরা ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রান্না, রেস্তোরাঁকর্মী ও গৃহকর্মী হিসেবেও কাজের সুযোগ পাবেন। এসব খাতেও পাকিস্তানিদের জন্য উল্লেখযোগ্যসংখ্যক চাকরি বরাদ্দ রাখা হয়েছে।

প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় জানায়, এই প্রথম ইউরোপের কোনো দেশ পাকিস্তানিদের জন্য আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থানের কোটা নির্ধারণ করেছে। আগামী তিন বছরের মধ্যে ধাপে ধাপে এই কোটা পূরণ করবে ইতালির সরকার।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি ইতালি ও পাকিস্তান সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরে প্রতি বছর বৈধভাবে প্রায় ৩ হাজার ৫০০ জন পাকিস্তানি শ্রমিক গ্রহণ করবে ইতালি।

প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালিক হুসাইন ইতালির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, ইতালির সরকারের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তি পাকিস্তানের জন্য একটি মাইলফলক।

তিনি আরও বলেন, ‘ইউরোপের শ্রমবাজারে পাকিস্তানিদের অবস্থান আরও শক্তিশালী করতে ইতালির এই প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সালিক হুসাইন জানান, চুক্তি বাস্তবায়নে ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান–ইতালি যৌথ ওয়ার্কিং কমিটি একসঙ্গে কাজ শুরু করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট