প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৫

প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গত বছরের ১০ নভেম্বর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই তিন বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এ জন্য তাদের ওই সব মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছিল।

এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী। আর স্বাস্থ্যের দায়িত্ব পান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম কয়েক মাস আগেই পদত্যাগ করেন। এখন পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করে আসছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি ২০ ডিসেম্বর শাহবাগে সমাবেশ থেকে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল। এই সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের পদত্যাগ দাবি করে ইনকিলাব মঞ্চ। আল্টিমেটামের সময় পার হওয়ার পর পদত্যাগ করলেন খোদা বকশ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ালেও তিনি এখনও দায়িত্বে রয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট