‎রাজধানীতে ককটেল বিস্ফোরণে পথচারীর মৃত্যু

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

‎রাজধানীতে ককটেল বিস্ফোরণে পথচারীর মৃত্যু

‎রাজধানীর মগবাজার এলাকায় ‘ককটেল’ বিস্ফোরণে সিয়াম (২১) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক যুবকের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবিপুলিশ ও সেনাবাহিনী রয়েছে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহের জন্য ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শুরু করেছে। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চা স্টলের মালিক ফারুক বলেন, সিয়াম আমার কাছে চা খেতে আসে। এর কিছুক্ষণের মধ্যে ওপর থেকে একটি ককটেল পড়ে বিস্ফোরণ হয় এবং সে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এতে তার মাথার মগজ বেরিয়ে যায়।

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।

তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট