৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫
দুই দিন আগে পুরোনো একটি মোটরসাইকেল কেনেন রিয়াদুল ইসলাম (২২)। ওই মোটরসাইকেলে বন্ধু জাবেদ আহমদকে (২০) নিয়ে সকালে বেড়াতে বের হয়েছিলেন। পথে ঘন কুয়াশার মধ্যে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু নিহত হন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া–জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (২০) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (২২)। তারা দুজন পরস্পরের বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে জাবেদ ও রিয়াদ কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যান সজোরে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উভয়টির গতি তুলনামূলক বেশি ছিল বলেও জানান তারা।
জানা গেছে, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তাঁর বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। আজ সকাল সাতটার দিকে জাবেদকে সঙ্গে নিয়ে ওই সাইকেলে করে তিনি কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াদ ও জাবেদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা–পুলিশ লাশ উদ্ধার করে।
সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই কুলাউড়া থানায় ছুটে যান নুরু মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা। বিলাপ করতে করতে নুরু মিয়া বলছিলেন, ‘সকালে দোকান খোলার কথা বলি বাড়ি থাকি বাইর হইল ছেলেটা (রিয়াদ)। বেড়াইতে গেছে জানতাম না। মোটরসাইকেল আমার ছেলের জীবনটা নিল।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D