বিদেশগামী নাগরিকদের জন্য সতর্কবার্তা

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫

বিদেশগামী নাগরিকদের জন্য সতর্কবার্তা

বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ (https://www.mygov.bd) প্ল্যাটফর্মের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিল সনদ প্রদান করা হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার মাধ্যমে বিদেশগামী নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে চালু হওয়া এ সেবার ফলে সময়, অর্থ ও শ্রমের উল্লেখযোগ্য সাশ্রয় হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা অ্যাপোস্টিল সেবা বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে সম্প্রতি একটি অসাধু চক্র ‘অ্যাপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব প্রতারক চক্র সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করে নাগরিকদের বিভ্রান্ত করছে। ইতোমধ্যে এমন দুটি জাল সার্টিফিকেটসংবলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে- https://apostillemygovbd.news/.application-details/.7020251029 এবং https://apostille-mygovbd.com/

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং সংশ্লিষ্ট প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশে পত্র পাঠানো হয়। এর ফলে https://apostile.mygov-bd.com/ ও https://apostiller-bd.com/ নামের দুটি জাল ডোমেইন বন্ধ করা হয়েছে। পাশাপাশি প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং অন্যান্য জাল ডোমেইন দ্রুত বন্ধ করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

সরকার সতর্ক করে জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসংগত অভিবাসন প্রক্রিয়াকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে।

এ কারণে মাইগভের নির্ধারিত ওয়েবসাইট https://www.mygov.bd/ ছাড়া অন্য কোনো সন্দেহজনক লিংক বা ওয়েবসাইটে প্রবেশ না করা এবং কোনো ধরনের ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সরকার।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট