প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫

প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রেমপ্রস্তাবে সাড়া না পেয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবক শাহরিয়া আরশ (২১)–এর বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে র‌্যাবের অভিযানে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় আরশকেও গ্রেপ্তার করা হয়।

স্কুলছাত্রীর পরিবার জানায়, আরশ বেশ কিছুদিন ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়া–আসার পথে কুৎসিত অঙ্গভঙ্গি করতেন এবং কুপ্রস্তাব দিতেন তিনি। বিষয়টি মেয়েটি তার মাকে জানালে তিনি আরশের মায়ের সঙ্গে কথা বলেন। এরপরও আরশের আচরণ বন্ধ হয়নি।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় মেয়েটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান আরশ ও তাঁর কয়েকজন সঙ্গী। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার নবীগঞ্জ থানায় অপহরণ সংক্রান্ত অভিযোগ (নং–৪/২১২) দায়ের করে।

অভিযোগের পর র‌্যাব–৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাত তিনটার দিকে র‌্যাব–৯ সিপিসি–৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ইনাতগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়। সেখান থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আরশকে গ্রেপ্তার করা হয়। আরশ হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকার শেখ জামালের ছেলে।

র‌্যাব–৯–এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধারকৃত স্কুলছাত্রী ও গ্রেপ্তার শাহরিয়া আরশকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।