হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ঢাকা–সিলেট মহাসড়কে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আশরাফুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল পৌণে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গারাও গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি ব্যক্তিগত মোটরসাইকেল (মৌলভীবাজার–ল ১১-৫৪৪৩) চালিয়ে স্থানীয় একটি কোম্পানিতে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অজ্ঞাত গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে।”