গ্রিসের উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

গ্রিসের উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড বাহিনী।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নৌকাটি সাগরতীর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে যায়। ডুবে যাওয়ার কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছায় তুরস্কের একটি কার্গো জাহাজ। জাহাজের ক্যাপ্টেন দ্রুত গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।

নৌকাটিতে মোট ২০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৮ জনের সবাই নিখোঁজ এবং তাদের সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া দুইজনকে নিকটস্থ ক্রিট দ্বীপে নেওয়া হয়েছে।

২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালিতে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পায় নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে। বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছে ১০ লাখেরও বেশি অভিবাসনপ্রত্যাশী।

গ্রিসে নৌকাযোগে যারা পৌঁছাতে চেষ্টা করেন, তাদের বেশির ভাগই লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরু করেন। লক্ষ্য থাকে কাছাকাছি থাকা তিন দ্বীপ- ক্রিট, গাভদোস বা ক্রিসি- এর যেকোনো একটিতে পৌঁছানো। তবে প্রতিকূল আবহাওয়া, নৌকার দুর্বলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে অনেকেই গন্তব্যে পৌঁছানোর আগেই প্রাণ হারান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট