সিলেটে বৈষম্য বিরোধী ২ ছাত্রনেতা আটক

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫

সিলেটে বৈষম্য বিরোধী ২ ছাত্রনেতা আটক

সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের দুই নেতাকে আটক করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃতরা হলেন- ইব্রাহিম আহমেদ নীল এবং মো. রাফি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার বিকেল ৪টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মোটরসাইকেল আরোহী বৈষম্যবিরোধী দুই ছাত্রনেতাকে সিগন্যাল দেয় ট্রাফিক পুলিশ। হেলমেট না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দিতে গেলে উত্তেজিত হয়ে ওঠেন তারা। এরপর মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলেও তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরে ট্রাফিক পুলিশ তাদের মোটরসাইকেল রেকার করে।

পরে কোতোয়ালী থানাপুলিশ এসে ওই দুই ছাত্রনেতাকে থানায় নিয়ে যায়। পুলিশের অভিযোগ, ওই দুই ছাত্রনেতা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছেন।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাদের অভিযোগ, পুলিশ তাদের সাথে অসদাচরণ করেছে। পুলিশ অসদাচরণ করায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। তারা পুলিশের কোন কাজে বাধা দেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার।