জৈন্তাপুরে ভারতীয় ক্ষ্যাপা মহিষের তাণ্ডব, আহত ৫

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

জৈন্তাপুরে ভারতীয় ক্ষ্যাপা মহিষের তাণ্ডব, আহত ৫

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার ইউনিয়নে ভারতীয় সীমান্ত অতিক্রম করে আসা একটি ক্ষ্যাপা মহিষের তাণ্ডবে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভারত সীমান্ত অতিক্রম করে মহিষটি বাংলাবাজার ব্রিজ পার হয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের সাইট এলাকা অতিক্রম করে বিলাল মিয়ার মালিকানাধীন একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। সেখানে ঢুকে শিং দিয়ে আক্রমণ চালিয়ে রান্না করা খাবার, চেয়ার-টেবিল ও হাঁড়ি-পাতিল ভাঙচুর করে মহিষটি।

পরে মহিষটি পাশের আব্দুস সালামের চায়ের দোকানে ঢুকে আরও তাণ্ডব চালায়। এ সময় এক শিশুসহ চারজন পথচারীকে আক্রমণ করে গুরুতর আহত করে। পরবর্তীতে এটি আব্দুল কাইয়ুমের মালিকানাধীন ফার্ণিচারের দোকানে প্রবেশ করে আসবাবপত্র ও কাঁচের গ্লাস ভাঙচুর করে।

স্থানীয়রা সাহসিকতা ও কৌশলের সঙ্গে মোটা দড়ি ব্যবহার করে ক্ষ্যাপা মহিষটিকে আটক করতে সক্ষম হন।

আহতদের মধ্যে তিনজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তারা হলেন— ২নং লক্ষিপুর গ্রামের মৃত গনী মিয়ার পুত্র আব্দুর রকিব (৫০), একই গ্রামের জলফু মিয়ার পুত্র ওদুদ মিয়া (৬০) এবং কেন্দ্রী গ্রামের আব্দুল গফুরের পুত্র ইব্রাহিম আলি (৩৫)। চিকিৎসকরা জানান, আব্দুর রকিবের মুখে মারাত্মক জখম হওয়ায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পরপরই ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে আটক মহিষটি চেয়ারম্যান ফখরুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, মহিষের তাণ্ডবে মোট ৫ থেকে ৬ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, সীমান্ত অতিক্রম করে আসা মহিষটি চোরাকারবারিদের মাধ্যমে এসেছে, নাকি মালিকবিহীন অবস্থায় সীমান্ত পার হয়েছে— তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট