যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি, অভিবাসীদের জন্য দুঃসংবাদ

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি, অভিবাসীদের জন্য দুঃসংবাদ

ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে চলতি বছরের জুলাইয়ে সই হওয়া অভিবাসন সংক্রান্ত ‘ওয়ান ইন, ওয়ান আউট’ চুক্তির আওতায় আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রথম দফায় সীমিত সংখ্যক অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে। শনিবার থেকেই এ কার্যক্রম শুরুর কথা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, অনিয়মিতভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে। পরে ফরাসি অভিবাসন কর্তৃপক্ষ তাদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার প্রস্তাব দেবে। তবে যারা রাজি হবেন না, আশ্রয়ের যোগ্য না হলে তাদের বিরুদ্ধে ‘ওব্লিগেশন দ্য কুইটার লে টেরিতোয়ার’ (ওকিউটিএফ) বা ফ্রান্স ছাড়ার বাধ্যতামূলক নির্দেশ জারি হতে পারে।
এই চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে ফেরত আসা প্রতি অভিবাসীর বিপরীতে ফ্রান্স থেকে নিয়মিত পথে সমানসংখ্যক মানুষকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হবে। দুই দেশ একে সীমান্ত ব্যবস্থাপনার ভারসাম্য রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছে।
তবে মানবাধিকার সংগঠনগুলো এ উদ্যোগের সমালোচনা করে বলছে, এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শরণার্থীদের নিরাপদ পথ আরও সংকুচিত করবে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ৩০ হাজার অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছেছেন—যা বছরের এই সময়ের জন্য সর্বোচ্চ সংখ্যা। সম্প্রতি চ্যানেল পার হওয়ার সময় তিন অভিবাসীর মৃত্যু এবং তিনজনের নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে।