পলিথিন বন্ধে দেশজুড়ে অভিযান শুরু

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

পলিথিন বন্ধে দেশজুড়ে অভিযান শুরু

পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে সারা দেশে একযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এসব অভিযানে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় পলিথিনবিরোধী চারটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই অভিযানে নয়টি মামলায় মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

পাশাপাশি, বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।

এছাড়াও, বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী পরিচালিত একটি মোবাইল কোর্টে হাইড্রোলিক হর্ন ব্যবহারের জন্য একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ঢাকার নিকুঞ্জ এলাকায় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে পাঁচটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট